মানিকগঞ্জ শহরের ঐতিহ্যবাহী খাল সংস্কার ও পুনরায় সচল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আগে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা সরুন্ডি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে পূর্ব দাশরা সরুন্ডি মনিঋষি সংগঠন। এতে সহযোগিতা করে বেসরকারি গবেষণা ও উন্নয়ন সংস্থা বারসিক।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রান্তিক জনগোষ্ঠী অধিকার ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি দশরথ রবিদাস।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্রীন কোয়ালিশনের প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলী, বারসিকের প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বারসিকের কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, দলিত ছাত্র কল্যাণ পরিষদ, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি দীপিকা রানী দাস এবং ইউথ গ্রীন ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাবিউর শাওন।
বক্তারা বলেন, একসময় ঐতিহ্যবাহী মানিকগঞ্জ খালটি আশপাশের জনপদের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এই খাল দিয়েই একসময় লঞ্চ ও নৌকা চলাচল করত। কিন্তু কালের বিবর্তন ও মানুষের অবহেলার কারণে খালটি আজ ভাগাড়, ডোবা ও নালায় পরিণত হয়েছে।

তারা জানান, খালটির শুরু বান্দুটিয়া এলাকা থেকে এবং এটি বেতিলার নালরা এলাকায় গিয়ে শেষ হয়েছে। যদিও মানিকগঞ্জ মডেল স্কুল থেকে মানিকগঞ্জ বাজার ব্রিজ পর্যন্ত খাল সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে খালের বড় একটি অংশ এখনো সংস্কারের বাইরে রয়ে গেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বাজার ব্রিজের পাশে খালের ওপর বাঁধ দেওয়ার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে করে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে মশা-মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।
মানববন্ধন থেকে বক্তারা দাবি জানান, চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নতুন বরাদ্দের মাধ্যমে খালটির পুরো অংশ একযোগে সংস্কার করতে হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা অপসারণের দাবি জানানো হয়।


