মানিকগঞ্জ জেলায় কোনো ধরনের সার সংকট নেই। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে বা ডিলার পর্যায়ে ‘সার নেই’ বলে কৃষকদের বিভ্রান্ত করে, তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া এলাকায় ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’-এর আওতায় আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, ‘আমি আপনাদের একটি বিষয় নিশ্চিত করছি- মানিকগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করতে চায় এবং আপনাদের নজরে আসে যে কোনো ডিলার বলছে সার নেই, তাহলে সেই মুহূর্তেই কৃষি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা আমাকে সরাসরি ফোন করে জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘সার নিয়ে আমরা উচ্চ পর্যায় পর্যন্ত কথা বলেছি এবং মানিকগঞ্জে প্রয়োজন অনুযায়ী সারের পুরোপুরি মজুদ নিশ্চিত করা হয়েছে। কাজেই কোনোভাবেই বলা যাবে না যে এই জেলায় সারের সংকট রয়েছে।’
তিনি অভিযোগ করেন, ‘কিছু অসাধু চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিস্বার্থ ও অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করতে পারে। দুষ্ট লোক সব জায়গাতেই থাকে। তবে আপনাদের সহযোগিতা থাকলে আমরা যেকোনো সংকট ও অপপ্রচার সহজেই মোকাবিলা করতে পারব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মোসা. মমতাজ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মতিয়ার রহমান, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা খান, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন।


