এনপিআই’র আয়োজনে চাকরি মেলা, হাজারো চাকরিপ্রত্যাশীর অংশগ্রহণ

তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত শিক্ষা এবং চাকরির সুযোগ নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও নিয়মিত জব ফেয়ার, ক্যারিয়ার কাউন্সেলিং এবং শিল্প সংযোগমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) এর উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এনপিআই ক্যাম্পাসে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় অ্যাসেট প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়। শিল্প খাতে দক্ষ জনবল গড়ে তোলা এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই ছিল মেলার মূল লক্ষ্য।

চাকরি মেলায় বিডিজবস, আকিজ গ্রুপ, মুন্নু গ্রুপ, বসুন্ধরা গ্রুপসহ দেশের স্বনামধন্য ২০টি শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়োগ কার্যক্রম নিয়ে অংশ নেয়। প্রতিষ্ঠানের স্টলে চাকরি প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার, সিভি জমাদান ও চাকরির তথ্য সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। তিনি বলেন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি নিয়মিত এ ধরনের উদ্যোগ নেয়, তাহলে জেলার তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি শিল্প খাতেও দক্ষ জনবল সৃষ্টির সুফল মিলবে।

মেলার সঞ্চালনা করেন এনপিআই মানিকগঞ্জের পরিচালক ইঞ্জিনিয়ার ড. মো. ফারুক হোসেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, সমাজসেবা অফিসার মোস্তফা হাবিব, অগ্রণী ব্যাংকের এজিএম ইমরুল সাগর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

দিনব্যাপী আয়োজনে দেড় হাজারের বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। তরুণরা তাদের সিভি জমা দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগ সিভি বাছাই করে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে নিয়োগের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে।

চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মানিকগঞ্জে নিয়মিত এমন মেলা আয়োজন হলে বাড়ির কাছেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা অনেক শিক্ষার্থীর জন্য বড় সহায়তা। প্রতিষ্ঠানগুলোও স্থানীয়ভাবে দক্ষ কর্মী পাওয়া সহজ হবে বলেও মত দেন প্রতিনিধিরা।

এনপিআই কর্তৃপক্ষ জানায়, তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত শিক্ষা এবং চাকরির সুযোগ নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও নিয়মিত জব ফেয়ার, ক্যারিয়ার কাউন্সেলিং এবং শিল্প সংযোগমূলক কার্যক্রম চালিয়ে যাবে।

দিনব্যাপী এই মেলায় এনপিআই মানিকগঞ্জের শিক্ষক-কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং স্থানীয় পেশাজীবীরা অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ