মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের নামে আদালতে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে। ১৯ জানুয়ারি তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আদালতে এই মামলা করেন। মামলায় সাংবাদিক হাবিবুর রহমান রাজিব ও জসিম উদ্দিন সরকারকে আসামি করা হয়।
গত বছরের ৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর উপজেলার তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগ দেন তালেবপুর ১নং ওয়ার্ড এলাকার কাংশা গ্রামের প্রবাসী লাভলু মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা আব্দুল হাই তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে মামলায় ফাঁসানো ও জমি দখলের ভয়ভীতি দেখান। একপর্যায়ে একটি রাজনৈতিক মিথ্যা হত্যা মামলায় তাকে ফাসিয়ে দেওয়া হয়। এই মামলায় কারাবরণও করেন তিনি।
সেই অভিযোগে ২০২৫ সালে করা মামলা তদন্তে ভিত্তিহীন হওয়ায় পুলিশ আমলে নেয়নি। আদালতও দুটি মামলা খারিজ করেন। পরে নতুন তারিখ দেখিয়ে এবছর আবার একই অভিযোগে মামলা করেন আব্দুল হাই, যা আদালত আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার দুই সাক্ষী জিয়াউল হক জিয়া ও সবুজ বলেন, চাঁদা দাবি বা জমি দখলের ঘটনা তারা দেখেননি এবং মিথ্যা সাক্ষ্য দেবেন না।
তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা থানার তৎকালীন এসআই পার্থ শেখর ঘোষও জানান, আগের অভিযোগের সত্যতা মেলেনি বলেই পুলিশ সেটি আমলে নেয়নি।
অভিযোগ অস্বীকার করে সাংবাদিক হাবিবুর রহমান রাজিব বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ অনুসারেই সংবাদ প্রকাশ করা হয়েছে। একই কথা বলেন জসিম উদ্দিন সরকারও।
দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, সম্পাদক পরিষদ ও সিংগাইর উপজেলা প্রেসক্লাব। দ্রুত মামলা প্রত্যাহার ও বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ঘটনার সত্যতা সাপেক্ষে মামলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


