আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করার মাধ্যমেই দেশকে রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষকদলের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের পক্ষে যে পরিকল্পনা বিএনপি দিয়েছে, তা বাস্তবায়ন করতেই হবে। এটি এক ধরনের যুদ্ধ মানুষের পক্ষে, দেশের পক্ষে।
তিনি আরও বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ‘স্ট্রেইটকাট প্ল্যান’ দিয়েছে। এই পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
বিএনপির নানা অগ্রাধিকার পরিকল্পনা- ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফার্মাস কার্ড, পরিবেশ রক্ষা, বেকারত্ব সমস্যা সমাধান ও শিক্ষার উন্নয়ন কীভাবে বাস্তবায়ন করা হবে তার রূপরেখাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।


