রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (২৪ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানায়, অনুমোদনহীনভাবে ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


