বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত জাতিসংঘের কার্যালয় থেকে এ বিষয়ে একটি শোকবার্তা প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক সময়ে সংস্থাটি তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার অবদান দেশ ও জনগণের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


