ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।
জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া স্বাক্ষরের সংখ্যাগত দিক থেকে কোনো ঘাটতি ছিল না। মোট ভোটারের নির্ধারিত সংখ্যার তুলনায় বরং কিছু বেশি স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে দেওয়া ১০ জন ভোটারের মধ্যে মাত্র আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুইজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়।
তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা তার পেশা হিসেবে চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা হিসেবে পরিচয় উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তাঁর আয়ের প্রধান উৎস চাকরি। দেশের ভেতরে চাকরি করে তিনি বছরে ৭ লাখ ১৩ হাজার টাকা আয় করেন।
এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে তাঁর বার্ষিক আয় ২৬৪ টাকা। দেশের বাইরে একই খাত থেকে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তাসনিম জারা বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। রিটার্ন অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং প্রদত্ত আয়করের পরিমাণ ৩৪ হাজার ৫৭ টাকা।


