মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে প্রতারণার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে ফিলিং স্টেশনটির অকটেন ও ডিজেল সরবরাহ যন্ত্র পরীক্ষা করে দেখা যায়, প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের ২০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরে এভাবে কম পরিমাপে জ্বালানি বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ প্রমাণিত হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় থ্রি স্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল, থ্রি স্টার ফিলিং স্টেশন পরিমাপে কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। আজ অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে জেলা ক্যাবের সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ এবং মানিকগঞ্জ জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।


