জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাতিমা সানা। শুক্রবার করাচিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
এর আগে ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ডটি যৌথভাবে ছিল সোফি ডিভাইন, ফিবি লিচফিল্ড ও রিচা ঘোষ–এর দখলে।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ১৬.২ ওভারে ৪ উইকেটে ১৫২ রান থাকার সময় ক্রিজে নামেন সানা। শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে শেষ পর্যন্ত ১৯ বলে ১০টি চার ও দুই ছক্কায় অপরাজিত ৬২ রান করেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
সানার ঝড়ো ইনিংস ও সাইরা জাবিনের অপরাজিত ৫০ রানে ভর করে পাকিস্তান ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে। জবাবে ৯০ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
১১৩ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।


