মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সজিব হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ইউপি সদস্য আলিম মেম্বারের মুক্তির দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ করেছেন দক্ষিণ বালিয়াবিল গ্রামের বাসিন্দারা।
সোমবার (১ জুন) সকালে শতাধিক নারী-পুরুষ মানিকগঞ্জ সদর থানার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, আলিম মেম্বার নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তাই দ্রুত তার মুক্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উত্তর পুটাইল এলাকায় লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজিব। এ সময় রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সজীবের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা আদায় করা হয়। সেখানে অজ্ঞাত ১০০ থেকে ১৫০জনকে আসামি করা হয়। মামলায় সন্দেহভাজন হিসেবে সাবেক ইউপি সদস্য আলিমকে আজ ভোরে এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, সজিব হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। এটি কোনো থানা ঘেরাও কর্মসূচি ছিল না। স্থানীয়রা মুক্তির দাবিতে থানার সামনে এসে কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দিয়ে চলে যান।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে হলেও জানান ওসি।


