চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার করল পিবিআই, গ্রেপ্তার এক

গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকা থেকে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া একটি টয়োটা প্রাইভেটকার ঢাকার ধামরাই থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রাসেল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (২৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জে পিবিআই পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

পিবিআই সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া বাজার এলাকার একটি গ্যারেজে নিজের টয়োটা প্রাইভেটকারটি রেখে বাড়িতে চলে যান গাড়ির মালিক মো. মহসীন মিয়া। পরে আজ ভোরে তিনি গ্যারেজে গিয়ে দেখতে পান, গ্যারেজের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখতে পান, সেখানে রাখা তার প্রাইভেটকারটিও নেই।

গ্যারেজের তালা ভেঙে গাড়ি চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মহসীন মিয়া বিষয়টি পুলিশকে জানান। পরে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।

মামলার পর গাড়িটি উদ্ধারে তৎপরতা শুরু করে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটির অবস্থান শনাক্তের চেষ্টা চালায় সংস্থাটি। একপর্যায়ে গাড়িটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে রবিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া বটতলা মন্দিরের কাছাকাছি এলাকায় অভিযান চালায় পিবিআইয়ের একটি দল।

অভিযানকালে চুরি হওয়া টয়োটা প্রাইভেটকারসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িটি জব্দ করে পিবিআই।

গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে। পিবিআই জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গাড়িটি কীভাবে চুরি করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা জানতে গ্রেপ্তার রাসেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রটির সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!