ডেঙ্গু চিকিৎসায় বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের আর্থিক চাপ

সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসায় একজন রোগীর খরচ হচ্ছে কমপক্ষে ১২ থেকে ১৫ হাজার টাকা। ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে এ ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকায়। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে খরচ ছাড়িয়ে যাচ্ছে লাখ টাকা।

নারায়ণগঞ্জের গার্মেন্টসকর্মী অপু শিকদার এক সপ্তাহ ধরে ডেঙ্গুতে আক্রান্ত। স্থানীয় দুই হাসপাতালে চিকিৎসায় উন্নতি না হওয়ায় ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে তাঁর পরিবারের খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরতে এ ব্যয় আরও বাড়বে বলে জানান তাঁর স্ত্রী।

ঢাকা মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি অন্তত ২০ রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি হাসপাতালে স্যালাইন ও কিছু ওষুধ বিনামূল্যে পাওয়া গেলেও পরীক্ষা-নিরীক্ষা, খাবার ও যাতায়াতে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। ঢাকার বাইরে থেকে আসা রোগীদের ক্ষেত্রে থাকা-খাওয়া ও স্বজনের ব্যয়ও যুক্ত হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় ২৫০ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ডেঙ্গুর জন্য তিনটি ওয়ার্ডও নির্ধারিত করা হয়েছে।

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা বলছে, বেসরকারি বি-ক্যাটাগরির হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় খরচ হতে পারে অন্তত ৫০ হাজার টাকা। প্রথম শ্রেণির হাসপাতালে এ ব্যয় কয়েক লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ব্যয়ের পাশাপাশি কর্মজীবী মানুষের কাজে অনুপস্থিতি ও সুস্থ হওয়ার পর দীর্ঘদিন শারীরিক দুর্বলতাও পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এ বোঝা দীর্ঘ সময় বহন করতে হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ