মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. বশিরের হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বশিরের বাবা মনির হোসেন সিংগাইর থানায় মামলাটি করেন। এর আগে রবিবার রাতে উপজেলার ডেফলতলী এলাকার একটি ইটভাটায় হামলায় এ ঘটনা ঘটে।
আহত মো. বশির (২১) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক।
মামলার আসামিরা হলেন- সদর উপজেলার গুজুরির চর গ্রামের আকাশ মোল্লা (২১), চর কৃষ্ণপুর গ্রামের তানজিদ হোসেন (২২), ভাড়াই ভিকরা গ্রামের মো. তুহিন (২১) ও সিংগাইরের ডেফলতলী গ্রামের আরিফ হোসেন (২০)।
মামলার এজাহার ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, রবিবার রাত ১০ টার দিকে বশির তার বন্ধু সুমনকে নিয়ে সদর উপজেলার বেতিলা এলাকার একটি রেস্তোরাঁয় ছিলেন। এ সময় আরেক বন্ধু আকাশ কৌশলে তাকে সিংগাইরের ডেফলতলী এলাকার একটি ইটভাটায় নিয়ে যান। সেখানে আগে থেকেই অন্য আসামিরা অবস্থান করছিলেন। ইটভাটায় পৌঁছানোর পর আকাশসহ অন্যরা বশিরকে ঘিরে ফেলেন। তাদের হাতে রামদা, হাতুড়ি ও লোহার রড ছিল। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বশিরের মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তার শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও আঘাত করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়।
হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে গেলে স্থানীয় লোকজন বশিরকে উদ্ধার করেন। পরে তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
বশিরের বড় ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমার ভাই ছাত্রলীগের রাজনীতি করে। পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসীরা তার দুই পা ও বাঁ হাতের রগ কেটে দিয়েছে। হামলাকারীরা সবাই তার বন্ধু। তবে কী নিয়ে তাদের মধ্যে শত্রুতা, তা আমরা জানি না। চিকিৎসকেরা জানিয়েছেন, বশিরের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’
বশিরের বাবা মনির হোসেন বলেন, ‘কী কারণে তার ছেলের ওপর এভাবে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বশিরের বাবা মনির হোসেন মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

