মানিকগঞ্জের শিবালয়ে রয়েল এক্সপ্রেস বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার টেপড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানচালকের নাম শাহ আলম। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত বাসের হেলপারের পরিচয়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বরংগাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেসের একটি বাস। বাসটির নম্বর ঢাকা-ব-২৫-৫২৮৭। বিপরীত দিক থেকে ঢাকা থেকে আরিচার দিকে যাচ্ছিল ঢাকা মেট্রো-অ-১১-৫৮১৭ নম্বরের একটি কাভার্ড ভ্যান। টেপড়া বাজারের পূর্ব পাশে বাস ও কাভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। বাসের হেলপার আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ‘রয়েল এক্সপ্রেস বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। বাসের হেলপার আহত হয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

