খান বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব, নকআউট পর্বে গড়পাড়ার জয়

গত ১০ জানুয়ারি এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে খান বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব। গত ১০ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনের পর আজ অনুষ্ঠিত হয়েছে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ।

খান বানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল চারটার দিকে শুরু হওয়া খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জের গড়পাড়া ফুটবল একাডেমি ও টাঙ্গাইল জেলার মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক খেলায় দর্শকদের মাতিয়ে রাখে দুই দল। নির্ধারিত সময় শেষে ১-০ গোলে জয় পায় গড়পাড়া ফুটবল একাডেমি।

খেলাকে ঘিরে মাঠের চারপাশে উপচে পড়া দর্শকের উপস্থিতি দেখা যায়। গ্রামের শিশু, কিশোর থেকে শুরু করে বয়স্করাও মাঠে এসে খেলা উপভোগ করেন।

খেলা দেখতে আসা স্থানীয় দর্শক আবদুল কাদের বলেন, ‘এমন খেলা গ্রামে খুব কমই হয়। ভালো দল এসেছে, খেলাও জমেছে। এই ধরনের আয়োজন আরও হলে তরুণরা খেলাধুলার দিকে আগ্রহী হবে।’

আরেক দর্শক রফিকুল ইসলাম জানান, ‘শীতের বিকেলে পরিবার নিয়ে খেলা দেখতে এসে ভালোই সময় কাটছে। গ্রামে আবার ফুটবলের আমেজ ফিরেছে।’

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

খান বানিয়াড়া যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যবসায়ী নূর- এ- জামান পিয়াস। তিনি বলেন, ‘গ্রামের তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি করতেই এই টুর্নামেন্টে পাশে দাঁড়িয়েছি। খেলাধুলা মানুষকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এমন উদ্যোগে সহযোগিতা করতে চাই।’

খেলায় উপস্থিত ছিলেন সমাজসেবক ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, মোশাররফ হোসেন খান আরজু, আলফাত্তা খান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই টুর্নামেন্টে মানিকগঞ্জের পাশাপাশি ঢাকার কেরানীগঞ্জ ও টাঙ্গাইল জেলার মোট আটটি দল অংশ নিচ্ছে। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই ফুটবল উৎসব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং রানার্সআপ দল পাবে সুজুকি হায়াতি মোটরসাইকেল।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ