সাটুরিয়ায় ভোটারদের স্বতঃস্ফূর্ত শোডাউন, রিতার প্রতি আস্থা প্রকাশ

আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমার কোনো নেতা-কর্মী ছাড়া সাধারণ মানুষ যে নিজেরা মিছিল ও শোডাউনের আয়োজন করেছে, তা আগে জানতাম না। আমার রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে বড় সার্থকতা।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বিএনপি মনোনীত মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতার সমর্থনে সাধারণ ভোটারদের উদ্যোগে এক বৃহৎ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো সংগঠন, নেতা বা কর্মীর ব্যানার ছিল না। শোডাউনে অংশ নেন কয়েক হাজার কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ।

বুধবার বিকেল ৩টার দিকে সাটুরিয়ার ঐতিহ্যবাহী বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটির যাত্রা শুরু হয়। বালিয়াটি বাজার ও উপজেলা পরিষদ এলাকা অতিক্রম করে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে শেষ হয়।

পুরো সময়জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা নেচে-গেয়ে, ঢোল-বাদ্য বাজিয়ে এবং হাতে বিভিন্ন প্রতীক নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেন।

মিছিলে অংশ নেওয়া সাধারণ ভোটাররা বলেন, দীর্ঘদিন ধরে আফরোজা খানম রিতা জেলা বিএনপির নেতৃত্বে কাজ করে আসছেন। ১৭ বছর ধরে তিনি দলের নেতা-কর্মীদের খোঁজখবর রেখেছেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তার সোচ্চার ভূমিকার কথাও তুলে ধরেন তারা। তাদের মতে, এসব বিশ্বাস থেকেই কোনো দলের নির্দেশ নয়, বরং স্বতঃস্ফূর্ত ভালোবাসায় তারা শোডাউনে অংশগ্রহণ করেছেন।

মিছিলে অংশ নেওয়া কৃষক আরফান বলেন, ‘আমরা কোনো দলের নির্দেশে আসিনি। নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন।’

স্থানীয়দের ভাষ্য, সাধারণ ভোটারদের এমন অংশগ্রহণ শুধু সাটুরিয়ার রাজনীতি নয়, মানিকগঞ্জের সামগ্রিক রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এ শোডাউনকে তারা আফরোজা খানম রিতার জনপ্রিয়তার স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। আমার কোনো নেতা-কর্মী ছাড়া সাধারণ মানুষ যে নিজেরা মিছিল ও শোডাউনের আয়োজন করেছে, তা আগে জানতাম না। আমার রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে বড় সার্থকতা।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!