বগুড়ায় ২৪ ঘণ্টায় তিন হত্যাকাণ্ড

বুধবার রাতে গাবতলীর সুখানপুকুর এলাকায় নিজ বাড়িতে রিতা রানী নামে ৫০ বছর বয়সী এক নারী গলাকাটা অবস্থায় নিহত হন।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় স্কুলশিক্ষার্থী, পাঁচ মাসের শিশু ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। পৃথক ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সারিয়াকান্দি উপজেলার নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নবম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সাঈম মুস্তাকিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত মুস্তাকিম চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্বজনদের দাবি, কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে শাহাদত হোসেনের সঙ্গে তার বিরোধ হয়। এর জেরে শাহাদত ও তার বাবা শাহ আলী স্কুলের সামনে মুস্তাকিমের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বাবা-ছেলে পলাতক রয়েছেন।

এদিকে গাবতলী উপজেলার কলাকোপা সুবোদ বাজার এলাকায় পাঁচ মাসের শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, শিশুটির মায়ের অনুপস্থিতিতে বাবার কাছেই শিশুটি ছিল। পরে শিশুটিকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। অভিযোগ ওঠার পর রায়হান পালিয়ে যান।

এর আগে বুধবার রাতে গাবতলীর সুখানপুকুর এলাকায় নিজ বাড়িতে রিতা রানী নামে ৫০ বছর বয়সী এক নারী গলাকাটা অবস্থায় নিহত হন। তার স্বামী জানান, রাতে স্ত্রীর চিৎকার শুনে ঘরে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!