কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাণী নির্যাতনের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।

বগুড়া শহরে একটি পথ কুকুরকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. স্বপন (৪৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩০ জুন) রাতে বগুড়া শহরের বকসিবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাণী নির্যাতনের মামলার পাশাপাশি তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলাও দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ আছে, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), বগুড়া সদর শাখার আহ্বায়ক মোঃ এমরান হোসেন (৩১) সোমবার দুপুরে খবর পান যে, বগুড়া মহানগরের কানছগাড়ী এলাকায় ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের গলিতে একটি কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে।

এ ঘটনায় তিনি স্থানীয় বাসিন্দা এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় সাদা-কালো রঙের গুরুতর আহত কুকুরটিকে ড্রেন থেকে উদ্ধার করেন। পরে দ্রুত সেটিকে জলেশ্বরীতলার মহিলা ক্লাব মোড়ে অবস্থিত ডাঃ আকাশ পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যাওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, ভেটেরিনারি সার্জন ডাঃ লুৎফর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী আশরাফুল ইসলাম এবং ডাঃ আকাশের সমন্বয়ে একটি চিকিৎসক দল আহত প্রাণীটির চিকিৎসা দেন।

পরবর্তীতে বিভিন্ন সূত্রে অভিযোগ উঠে যে, কানছগাড়ী এলাকার বাসিন্দা মোঃ স্বপন (৪৫) কুকুরটির ওপর নির্মম হামলা চালিয়েছেন। এ ঘটনায় মোঃ এমরান হোসেন বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগের পর মামলা দায়ের হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর দেহ তল্লাশি করে তার পকেট থেকে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। পরে চাকুটি জব্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাণী নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনাতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!