মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. হেলাল শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়টিয়া এলাকার বাসিন্দা মো. হেলাল শেখ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে প্রতিবেশী ইমান আলীর সাথে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ মে ভোর আনুমানিক ৪টার দিকে ইমান আলীর ছেলে মো. সজিবসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে। এ সময় তাকে ও তার ছেলেকে দেশীয় ধারালো অস্ত্র দা, লোহার শাবল ও লোহার রড দিয়ে এলোপাথারীভাবে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলায় নারী সদস্যরাও আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নগদ ১৬ লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ ট্রাঙ্ক লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মানিকগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ঘিওর থানার ওসি (তদন্ত) রনজিৎ সাহা জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষই অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা করব।


