৬ নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই: কাউন্সিলর প্রার্থী তুহিন

আমি শুধু প্রতিশ্রুতি দিতে চাই না, বাস্তবায়ন করতে চাই। ওয়ার্ডবাসীর সহযোগিতা পেলে ৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন।

সম্প্রতি `সংযোগ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা শহর ও ওয়ার্ডের উন্নয়নে কোনো দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি। ফলে ৬ নম্বর ওয়ার্ড শহরের প্রাণকেন্দ্রে অবস্থান করেও নানা নাগরিক সমস্যায় জর্জরিত রয়েছে।

তুহিনুর রহমান তুহিন বলেন, ‘মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শহরের গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে সুস্থ বিনোদনের কোনো ব্যবস্থা নেই। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও চোখে পড়ে না। এছাড়া রাস্তাঘাট, ড্রেনেজ, পানি ও বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক।’

তিনি বলেন, ‘নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। তার প্রধান লক্ষ্য হবে ৬ নম্বর ওয়ার্ডকে পৌরসভার একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে পরিণত করা।’

ব্যবসায়ীদের বিষয়ে তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের জন্য একটি নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি চাই ব্যবসায়ীরা যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির ভয় ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন।’

নারী ও কিশোরীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘স্কুল-কলেজের সামনে ইভটিজিং প্রতিরোধে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।’

শহরের খাল সংস্কার ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন এই কাউন্সিলর প্রার্থী। তিনি বলেন, ‘মানিকগঞ্জ শহরের খাল আমাদের ঐতিহ্য ও পরিবেশের অংশ। স্থানীয় মুরুব্বি ও সচেতন নাগরিকদের পরামর্শ নিয়ে খাল সংস্কার ও সৌন্দর্যবর্ধনে কাজ করতে চাই।’

মাদকবিরোধী অবস্থানের কথা তুলে ধরে তুহিন বলেন, ‘মাদক বর্তমানে যুবসমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কাউন্সেলিং ও পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।’

তিনি জানান, ‘মাদকসেবীদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সন্তানদের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করা হবে। প্রয়োজন হলে আইনগত সহায়তার মাধ্যমেও মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যুৎ ব্যবস্থার দুরবস্থার সমালোচনা করে তুহিন বলেন, ‘বর্তমান অবস্থা কোনো আধুনিক শহরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে বিদ্যুৎ, রাস্তা, পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।’

সাক্ষাৎকারের শেষাংশে তিনি বলেন, ‘আমি শুধু প্রতিশ্রুতি দিতে চাই না, বাস্তবায়ন করতে চাই। ওয়ার্ডবাসীর সহযোগিতা পেলে ৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!