তীব্র গরম ও তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিট। হিটস্ট্রোকসহ গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে বিশেষ সেবা কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
বুধবার দুপুরে জেলা ইউনিটের উদ্যোগে শহরের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। রেড ক্রিসেন্ট সবসময় মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম বাদল, সেক্রেটারি মির্জা রবিউল আওয়াল স্বপন, সাবেক সেক্রেটারি গোলাম মহিয়ার খান সিপার, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট কর্মকর্তা মো. ফরহাদ আলম, যুব প্রধান মো. জিসানুর রহমান, উপ-যুব প্রধান সাইফুর রহমান এবং জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকেরা।
রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু, বয়স্ক, শ্রমজীবী ও দীর্ঘসময় বাইরে কর্মরত মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। এসব বিষয় মাথায় রেখেই সচেতনতামূলক প্রচারণা ও সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তারা আরও জানান, শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে গরমজনিত ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যেই এ উদ্যোগ। তাপপ্রবাহ চলাকালীন সময়ে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


