প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (২৭ জুলাই) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া এই রুট বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন, প্রযুক্তিগত সহযোগিতা এবং জনসম্পর্ককে নতুন গতি দেবে। একই সঙ্গে জাপানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, দক্ষ কর্মী ও প্রবাসীদের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে।
তিনি বলেন, আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো অবকাশ নেই। আমরা বিশ্বাস করি, এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম লাভজনক আন্তর্জাতিক রুটে পরিণত হবে।
মন্ত্রী জানান, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা যাত্রীদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। অবকাঠামো, শিল্পায়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে দেশটির গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার এই রুট পুনরায় চালু করেছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৮০ সালে ঢাকা-নারিতা রুট চালুর ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে উদ্বোধনী ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এই রুটে ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।


