মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা, দুই পাইপগান উদ্ধার

পড়তে প্রায় ২ মিনিট
in

মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে অস্ত্র মামলায় ফাঁসানোর পরিকল্পনা করে নিজেরাই ফেঁসে গেছেন। অন্যের বাড়ির পাশে মাটির নিচে দুটি পাইপগান পুঁতে রেখে পুলিশকে খবর দেওয়ার পর অস্ত্র উদ্ধারের পাশাপাশি তথ্যদাতা দিনা ওরফে দিদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি স্বাধীন পলাতক রয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেপ্তার দিনা ওরফে দিদার (৪০) সদর উপজেলার বরাই গ্রামের বাসিন্দা। অপর আসামী স্বাধীন (৪০) পলাতক আছেন।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযানিক দল অবস্থান করছিল। এ সময় দিনা ওরফে দিদার পুলিশকে জানান, সদর উপজেলার বরাই গ্রামের রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুটি পাইপগান রয়েছে।

অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা, দুই পাইপগান উদ্ধার

তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে তাকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে যায় ডিবি পুলিশ। সেখানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে দিনা নিজেই বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ বের করে দেন। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি পাইপগান পাওয়া যায়।

অস্ত্র উদ্ধারের পর পুলিশের সন্দেহ হয় দিনার ওপর। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে অস্ত্র মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে দিনা ও তার সহযোগী স্বাধীন (৪০) পরিকল্পিতভাবে ওই দুটি পাইপগান সেখানে পুঁতে রেখেছিলেন। এরপর নিজেরাই পুলিশকে খবর দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজান।

পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাত ৪টা ৪০ মিনিটে দিনা ওরফে দিদারকে আটক করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বাধীনকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও তিনি পলাতক রয়েছেন।

পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, ‘এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দিনা ওরফে দিদার ও স্বাধীনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামি স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।