মাদকবিরোধী বিতর্কে বিএমসি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন নওগাঁ সরকারি কলেজ
নওগাঁয় দুই দিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ সরকারি কলেজ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ১৬টি কলেজের বিতর্ক দল অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় নওগাঁ সরকারি কলেজ ও নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের বিতর্ক দল।
চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল, ‘মাদকাসক্তদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিই সবচেয়ে বড় বাধা।’ প্রাণবন্ত বিতর্ক শেষে নওগাঁ সরকারি কলেজের বিতর্ক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা কবিতা আখতার।

নওগাঁ সরকারি কলেজের বিতর্ক দলের সদস্যরা হলেন কবিতা আখতার, সাদমান হাসান, জুয়াইরিয়া ইসলাম ও সাদিদ হোসেন।
চূড়ান্ত পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম মোজাফফর হোসেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন, তথ্য অফিসের উপপরিচালক শেখ আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র লাইব্রেরিয়ান এস এম আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক আবু রায়হান এবং কেডি স্কুল, নওগাঁর সিনিয়র শিক্ষক আল মামুন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান।
প্রতিযোগিতা শেষে নওগাঁ সরকারি কলেজের বিতর্ক দলের সদস্যরা তাদের অর্জিত চ্যাম্পিয়নশিপ ট্রফি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সংশ্লিষ্ট সম্পাদকদের হাতে তুলে দেন। এ সময় কলেজের অধ্যক্ষ বিতার্কিকদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।



