ঈদ উদযাপনে সারা দেশের মানুষ এখন নিজ নিজ এলাকায় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও কেউ ঘরে অতিথি আপ্যায়নে, কেউবা বাইরে ঘুরতে ব্যস্ত। তবে দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বেলা ১টার মধ্যে ঢাকাসহ পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল থেকে রাজধানী ঢাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যা সারা দিন থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আজ সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৭৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১ মিনিটে।


