বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। শনিবার বিসিবির নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির বোর্ড রুমে ভোটগ্রহণ হবে। সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে ফলাফল।
এর আগে বুধবার তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে। সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব এ.বি.এম. এহসানুল মামুন।
তফসিল অনুযায়ী, রোববার বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২০ মে থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
বিসিবির ২৩ পরিচালক পদে তিনটি ক্যাটাগরিতে নির্বাচন হবে। পরে নির্বাচিত ২৩ পরিচালক ও জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ পরিচালক মিলে বিসিবির পরবর্তী সভাপতি নির্বাচন করবেন।


