বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাব সান্তোস এর চিকিৎসক দল।
সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জিই গ্লোবোকে জানান, নেইমারের কাফে ছোট ধরনের চোট ও ‘ওডিমা’ ধরা পড়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহেই তিনি ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন।
সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণা করেন নতুন কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ সময় চোটে ভোগার পর জাতীয় দলে তার ফেরা নিয়ে ব্রাজিলে ব্যাপক আলোচনা চলছে।
ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে খেলেননি। আল হিলাল এ চোটের সঙ্গে লড়াইয়ের পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও এখনো পুরোপুরি পুরোনো ছন্দে দেখা যায়নি তাকে।
ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে। প্রস্তুতি পর্বে তারা পানামা ও মিসরের বিপক্ষে ম্যাচ খেলবে।


