বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে চোটে পড়ে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়েছেন অধিনায়ক মেসি। এমএলএসে ইন্টার মিয়ামি সিএফ হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন এই আর্জেন্টাইন তারকা।
স্থানীয় সময় রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে ফ্রি-কিক নেওয়ার পর পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করেন মেসি। এরপর বদলির ইশারা দিয়ে মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান।
তবে ম্যাচ শেষে তার চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইন্টার মায়ামি। বিশ্বকাপ শুরু হতে যখন অল্প সময় বাকি, তখন মেসির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে সমর্থকদের মধ্যে।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ৩৮ বছর বয়সী মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে করেছেন ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট। আগামী ১ জুন আর্জেন্টিনা দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার।
যদিও এখনো বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। অতীতেও ইনজুরি নিয়েই বড় টুর্নামেন্ট খেলেছেন মেসি। তবুও শিরোপা ধরে রাখার মিশনে তার ফিটনেস এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় চিন্তার কারণ।


