দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার বিকালে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, স্বল্প খরচে নিজ এলাকার কাছেই দরিদ্র রোগীরা যাতে চিকিৎসাসেবা নিতে পারেন, এজন্য দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৭ বছরে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি, এমনকি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না। ফলে স্বাস্থ্যখাত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।’
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। ১৭ বছরের সমস্যাগুলো একদিনে দূর করা সম্ভব নয়, তবে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’


