মানিকগঞ্জের শিবালয়ে চাঁদা না দেওয়ায় এক ডিস ও ইন্টারনেট ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকার সরঞ্জাম নেয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় একটি পক্ষ। চাঁদা না দেওয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকির পাশাপাশি সর্বশেষ তাঁর প্রতিষ্ঠানের ডিসের তার, পাওয়ার নোড, টিজি বক্সসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়া হয়। এর আগে তাঁকে মারধর ও হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার পর শিমুলিয়া ইউনিয়নের ইন্তাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী কাজী আহসান হাবিব টিটন। তিনি ‘নির্জন স্যাটেলাইট’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৭ বছর ধরে ডিস ও ইন্টারনেট ব্যবসা করছেন। তাঁর প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ গ্রাহক রয়েছে বলে জানান তিনি।
ব্যবসায়ী টিটনের অভিযোগ, সুজন মৃধা ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সুজন মৃধা, জাকির, শাহিন ও জনি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবহৃত প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা মূল্যের ডিসের তার, পাওয়ার নোড, টিজি বক্সসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
টিটন আরও অভিযোগ করেন, সরঞ্জাম নিয়ে যাওয়ার ঘটনায় তার ভাই ডিস ব্যবসায়ে পরিচালনা করতে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। তাকে হুমকি দিচ্ছে বাড়ি থেকে বের হলেই মারধর করা হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনায় টিটনের স্ত্রী ইতি শিবালয় থানায় স্বামীকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে সুজন মৃধা, জাকির, শাহিন ও জনির নাম উল্লেখ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি, মারধর ও ব্যবসা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগে নাম থাকা ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী টিটনের স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরঞ্জাম নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

