মন্ত্রী-রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: বিমান খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস

বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত সারাহ কুক।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও বেসামরিক বিমান খাতের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-এর সঙ্গে।

সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে বাংলাদেশের বেসামরিক বিমান খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। জবাবে রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টিও উঠে আসে। এ খাতে সম্ভাব্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এছাড়া বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত সারাহ কুক।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের বেসামরিক বিমান খাতকে আরও গতিশীল করে তুলবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ