মানিকগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহার সম্পর্কে সাধারণ মানুষের, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান শেখ রুবেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনি ইশতেহার সম্পর্কে তরুণদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। কারণ সচেতন নাগরিকই একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ রুবেল বলেন, তারুণ্যের প্রধান শক্তি হওয়া উচিত নৈতিকতা ও মূল্যবোধ। নৈতিক অবক্ষয় ঘটলে সমাজ ও রাষ্ট্র উন্নয়নের পথে বাধাগ্রস্ত হয়। তাই পারিবারিক শিক্ষার ভিত্তিতেই নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মানিকগঞ্জ হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আ. আজিজ খান বলেন, সামাজিক মূল্যবোধ অর্জনে সবাইকে সচেতন হতে হবে এবং শিক্ষার মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে। নৈতিকতা ও মূল্যবোধ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ মো. জলিল উদ্দিন, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান হালেমা বেগম, শামীমা পারভীনসহ সংশ্লিষ্টরা।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


