সাটুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ

অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রথমবারের মতো সকল এইচএসসি পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী এই উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা উপহার ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, সাটুরিয়া সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মুনিরুজ্জামান মুক্তিসহ প্রমূখ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষা উপকরণের সঙ্গে যে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়েছে, সেটি আমার খুব ভালো লেগেছে। পরীক্ষার সময় বিশ্বকাপ ফুটবলও চলবে। তোমাদের খেলা দেখতে ইচ্ছা করবে, কিন্তু ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে রাত জেগে খেলা দেখা থেকে বিরত থাকতে হবে। এখন তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পরীক্ষার প্রস্তুতি।’

সভাপতির বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ১২৩ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করা হয়েছে। উপকরণগুলোর আর্থিক মূল্য বড় বিষয় নয়; এগুলো তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ও শুভকামনার প্রতীক। এই উপহার তোমাদের জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই এই পাবলিক পরীক্ষার গুরুত্ব অনেক বেশি।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের মাঝে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!