মাদক উদ্ধার ও পাঁচজন ডাকাত গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আসাদ মিয়াকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসআই আসাদ মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযান এবং পাঁচজন ডাকাতকে গ্রেপ্তারের অভিযানে সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এসআই আসাদ মিয়া। অপরাধ দমন, মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক সফলতার স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর এসআই আসাদ মিয়া বলেন, ‘গত মাসেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় আমি শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পেয়েছিলাম। পুলিশ বিভাগের এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।’
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


