‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসহ বিভিন্ন দলীয় স্লোগান দিয়ে মানিকগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে ২০ থেকে ২৫ জন অংশ নিলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া-নয়াডিঙ্গী এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।
সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে মিছিলের তথ্য প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মানিকগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ একাধিকবার ঝটিকা মিছিল করেছে। প্রথম মিছিলটি হয় গত বছরের ১৮ মার্চ শহরের নবগ্রাম এলাকায়। এরপর ১৫ জুন সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় দ্বিতীয় এবং ২ জুলাই তৃতীয় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমরা জেনেছি। তাদের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


