মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরীফ উল আলম বাবুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে তার চাচা ও স্থানীয় ইউপি সদস্য মো. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা শরীফ উল আলম বাবুল।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার চাচা মোসলেম উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন এবং তার মান-সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
তিনি জানান, হাটিপাড়া মৌজার ২২৫৫ নম্বর দাগে প্রায় ৪০ শতাংশ জমিতে তাদের পৈতৃক বাড়ি অবস্থিত। দীর্ঘদিন ধরে তারা ওই বাড়িতে বসবাস করে আসছেন এবং সেখানে ঘরবাড়ি ও ভবন নির্মাণ করেছেন। পরে সীমানা প্রাচীর তৈরি করতে গেলে তার চাচা মোসলেম উদ্দিন নির্মাণকাজে বাঁধা দেন।
শরীফ উল আলম বাবুল বলেন, তিন বছর আগে আমরা জমিটি মাপজোক করালে দেখা যায় আমার চাচার ভবনের কিছু অংশ আমাদের জমির ভেতরে পড়েছে। বিষয়টি নিয়ে গ্রামবাসীকে নিয়ে একাধিকবার বসার চেষ্টা করা হলেও তিনি কোনো সমাধানে আসেননি।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তার চাচা আদালতে একটি মামলা দায়ের করেছিলেন, তবে আদালত সেই মামলা খারিজ করে দেন। এরপরও তিনি জমি বুঝিয়ে দিতে রাজি হচ্ছেন না। বরং আমাকে ও আমার সাথে চলাফেরা করা ব্যক্তিদের মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, সামাজিকভাবে আমার একটি অবস্থান রয়েছে। কিন্তু আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তিনি তার চাচার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের নিয়ে কাগজপত্র দেখে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হোক। যদি আমার পাওনা জমি থাকে তাহলে তা আমাকে বুঝিয়ে দেওয়া হোক, আর না থাকলে আমার কোনো দাবি থাকবে না।
এসময় মুন্নাফ মিয়া, আছলাম মেম্বার, আজগর, জামাল মোল্লা, হান্নান মিয়া, ইমরান, দুলাল সারেং, নাঈম সারেং, শামসু, আনোয়ার, বিল্টু, আতা, জাহাঙ্গীর, বদু, সালাম, কাশিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


