মানিকগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ধীরে ধীরে আলোচনায় উঠে আসছেন তরুণ সংগঠক ও সমাজসেবক মো. আরিফুল ইসলাম। সংগঠন পরিচালনা, সমাজসেবা এবং উদ্যোক্তা জীবনে তার সক্রিয় উপস্থিতি তাকে স্থানীয় পর্যায়ে একটি পরিচিত মুখে পরিণত করেছে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক সংগ্রাম এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। পারিবারিক ঐতিহ্য ও আদর্শিক চেতনা ধারণ করে জাতীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন তিনি।
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা মো. আরিফুল ইসলাম ১৯৯৩ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মো. নূরুল ইসলাম এবং মাতা শামছুন্নাহার রুবি। শিক্ষাজীবনে তিনি প্রাইম ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে আইন বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক এবং মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সহকারী পরিচালক (স্কুল বিভাগ) এবং শিশুকল্যাণ বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সংগঠনটির জেলা কর্মপরিষদের সদস্য ছিলেন এবং ঢাকার মতিঝিল ও সবুজবাগ অঞ্চলের অঞ্চল পরিচালক হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার তাকে গ্রেফতার হতে হয়। বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২০১১, ২০১২, ২০১৬, ২০১৯ এবং ২০২৪ সালে মোট পাঁচবার তাকে গ্রেফতার করা হয় এবং তিনি কারাবরণ করেন। তবে এসব বাঁধা সত্ত্বেও রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শিক অবস্থান থেকে তিনি সরে আসেননি। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। তিনি জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুড়ি আসর’ এর মানিকগঞ্জ জেলা শাখার সাবেক পরিচালক ছিলেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ উন্নয়ন ফোরাম (এমডিএফ) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে জেলার উন্নয়নে ভূমিকা রাখছেন।
ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি আফিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও আফিয়া কর্পোরেশনের প্রোপ্রাইটর এবং আত-ত্বীন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরিফুল ইসলাম একটি সুখী, সমৃদ্ধ ও ক্ষুধামুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানিকগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


