‘নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে উন্মুক্ত আলোচনা ও অচাষকৃত উদ্ভিদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলার মধ্য পুটাইল চরের রাজবংশী পাড়ায় উদ্যোগী নারী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
আলোচনায় উদ্যোগী নারী সংগঠনের সভাপতি গীতা রানী রাজবংশীর সভাপতিত্বে এবং বারসিক কর্মকর্তা শিবানী চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্তী রানী রাজবংশী। তিনি প্রদর্শনীতে থাকা বিভিন্ন অচাষকৃত উদ্ভিদ সম্পর্কে ধারণা দেন।
এ সময় কৃষাণী দুলালী রাজবংশী ও ঝর্ণা রাজবংশীসহ অন্যরা বিভিন্ন উদ্ভিদের গুণাগুণ তুলে ধরেন।
আলোচনায় বক্তারা বলেন, গ্রামের মানুষ এখনো নিজেদের উৎপাদিত ফসল চাষ করেন এবং বাজারে বিক্রি করেন। বাড়ির চারপাশে উৎপাদিত সবজি ও ফসলে সাধারণত বিষ প্রয়োগ করা হয় না। তবে চাষের জমিতে কখনো কখনো সার ও কীটনাশক ব্যবহার করতে হয়।
তারা জানান, বর্তমানে তারা জৈব সার ব্যবহারের উদ্যোগ নিয়েছেন এবং ভবিষ্যতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার আরও কমিয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির অংশ হিসেবে অচাষকৃত বিভিন্ন খাদ্যযোগ্য উদ্ভিদের প্রদর্শনী করা হয়, যা স্থানীয়দের মধ্যে নিরাপদ খাদ্য ও প্রাকৃতিক খাদ্যসম্পদ সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।


