ভ্রাতৃত্বের বন্ধনে প্রাণবন্ত ‘সাস্টিয়ান মানিকগঞ্জ’ পুনর্মিলন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে হাসি-আনন্দ ও স্মৃতিচারণায় ভরপুর এই আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

“ভ্রাতৃত্বের বন্ধনে সমৃদ্ধ আমরা”—এই মূলমন্ত্রকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সংগঠন ‘মানিকগঞ্জ সম্প্রীতি’র বর্তমান ও প্রাক্তন সদস্যদের প্ল্যাটফর্ম ‘সাস্টিয়ান মানিকগঞ্জ’-এর উদ্যোগে দিনব্যাপী আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, এলামনাই এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শাবিপ্রবি রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রামকৃষ্ণ সাহা, সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আশফাক জয়, মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার রেমন, প্রাইম ব্যাংকের এভিপি ইউসুফ আহমেদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ইখতিয়ার উদ্দিন, বিক্রয় ডট কমের সহকারী পরিচালক সঞ্জয় বিশ্বাস, জাইকার প্রতিনিধি জেমস, এনপিআই-এর জব প্লেসমেন্ট অফিসার অরুণ চন্দ্র রায় এবং গণ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শান্ত মির্জাসহ অন্যান্য প্রাক্তনরা।

এ ধরনের উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর সংগঠনের সিনিয়র সদস্যরা তাদের অতীত স্মৃতি, সংগ্রাম এবং সংগঠনের পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেন, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।

পরে জুনিয়র সদস্যদের সঙ্গে এলামনাইদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে নতুন ও পুরাতন সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি বিনিময়ের মাধ্যমে এক আন্তরিক ও পারিবারিক পরিবেশ তৈরি হয়, যা প্রজন্মের মধ্যে দূরত্ব কমিয়ে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তি আরও দৃঢ় করে।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং সদস্যরা সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও সামাজিক কার্যক্রম, মানবিক উদ্যোগ, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার কৌশল নিয়েও আলোচনা করা হয়, যা সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে হাসি-আনন্দ ও স্মৃতিচারণায় ভরপুর এই আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য এক স্মরণীয় মুহূর্তে পরিণত হয়।

অনুষ্ঠানের শেষে ‘সাস্টিয়ান মানিকগঞ্জ’-এর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ