অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন বিএনপি নেতা ভুলু

প্রতিপক্ষরা জমি হারানোর আশঙ্কা ও রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার শুরু করে।

সাভারে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাভারের পানপাড়া এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে সোহরাব উদ্দিন ভুলু বলেন, তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি মিথ্যা মামলা ও হামলার শিকার হয়ে এলাকায় অবস্থান করতে পারেননি। এই সুযোগে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার ক্রয়কৃত কয়েকটি জমি দখল করে নেয়। এছাড়া তার কিছু সম্পত্তি আওয়ামীপন্থী হিন্দু ধর্মাবলম্বীদের দখলে চলে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সরকারের পতনের পর এলাকায় ফিরে এসে নিজ জমি পুনরুদ্ধারের লক্ষ্যে সেটেলমেন্ট অফিসে আপত্তি জানান। এতে প্রতিপক্ষরা জমি হারানোর আশঙ্কা ও রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার শুরু করে।

এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ