শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কলকারখানার বর্জ্য ও দূষিত পানি সরাসরি নদীতে ফেলার মাধ্যমে সৃষ্ট পানি ও পরিবেশ দূষণের প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখন্ড এলাকার আকিজ গেটে এ সমাবেশের আয়োজন করে জেলা শিল্পাঞ্চল শ্রমিকদল।
সমাবেশে বক্তারা বলেন, শিল্পাঞ্চলের বহু কারখানায় শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে অনেক কারখানা পরিবেশগত নিয়ম-কানুন উপেক্ষা করে বর্জ্য ও দূষিত পানি সরাসরি নদীতে ফেলছে, যা আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।
সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (লিটন)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রমিকরা দেশের শিল্পখাতের মূল চালিকাশক্তি। অথচ তাদের ন্যায্য অধিকার আজও উপেক্ষিত। অন্যদিকে পরিবেশ দূষণের বিষয়টি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। কারখানাগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারি এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেন, সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শাহীন খান, সাংগঠনিক সম্পাদক মো. বোরহান উদ্দিন খোকাসহ স্থানীয় শ্রমিক নেতারা।
সমাবেশ শেষে শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায় এবং শিল্পাঞ্চলে পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


