আইজিপি ব্যাজ পেলেন পিবিআই কর্মকর্তা তুষার

এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করে যেতে চাই।

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পেশাগত স্বীকৃতিগুলোর অন্যতম পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ (আইজিপি ব্যাজ) অর্জন করেছেন পিবিআইয়ের কর্মকর্তা এসআই (নি:) মো. আলী হোসেন তুষার। সততা, পেশাদারিত্ব ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তার বুকে এ পদক পরিয়ে দেন।

বর্তমানে তুষার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখায় কর্মরত রয়েছেন। এর আগে ২০২০ সাল থেকে মার্চ ২০২২ পর্যন্ত পিবিআই বগুড়া জেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও অর্পিত দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন। পরবর্তীতে মার্চ ২০২২ সাল থেকে পিবিআই সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখায় দায়িত্ব পালন করে আসছেন।

ঢাকার ধামরাই উপজেলার বাউখন্ড গ্রামের বাসিন্দা আলী হোসেন তুষার ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরে ২০১৯ সালে পিবিআইতে যোগদান করে কর্মজীবনের শুরু থেকেই সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেকে দক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতিত্বের স্বাক্ষর। গণ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ পুলিশে যোগদানের আগে তিনি ধামরাইয়ের ওয়াদুদুর রহমান উচ্চ বিদ্যালয় এবং ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ে সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগ দিয়ে তিনি পেশাগত দক্ষতা, মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে সহকর্মীদের মাঝেও প্রশংসিত হয়েছেন।

আইজিপি ব্যাজ প্রাপ্তির অনুভূতি জানিয়ে এসআই (নিঃ) মো. আলী হোসেন তুষার বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করে যেতে চাই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!