ঠাকুরগাঁও শহরের একটি খোলা মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকার পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন যুবক মাঠের পাশে বাঁধাই করা খাতার একটি বান্ডিল দেখতে পান। পরে কাছে গিয়ে তারা বুঝতে পারেন, সেগুলো এসএসসি পরীক্ষার উত্তরপত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এক সপ্তাহের মধ্যে একই এলাকায় দ্বিতীয়বার পরীক্ষাসংক্রান্ত খাতা উদ্ধারের ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে ৯ মে কাছাকাছি স্থান থেকে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা উদ্ধার করা হয়েছিল।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মনির হোসেন বলেন, উদ্ধার করা উত্তরপত্রগুলো থানায় সংরক্ষণ করা হয়েছে এবং শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


