দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকি আট শিশুর মধ্যে হামের উপসর্গ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ১১১ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
মারা যাওয়া চার হাম আক্রান্ত শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের। অন্য দুজনের একজন চট্টগ্রাম ও একজন বরিশাল বিভাগের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রামের এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ৩৭৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৭৪ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ৬১১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ শিশু। একই সময়ে দেশে ৭ হাজার ৪১৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।


