মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আমার নিউজ অফিসে হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।
শনিবার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় সম্পাদক পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বাবুল, দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন মিলন ও কার্যকরী সদস্য আব্দুল আলীম।
বক্তারা বলেন, গত ৭ মে আমার নিউজ অফিসে সংঘটিত হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।


