মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাত ১টা ১৫ মিনিটে উপজেলার রামচন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শাকিল হোসেন দৌলতপুর উপজেলার পংতিরছা মধ্যপাড়া গ্রামের মো. সাদেক খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল উপজেলার জৈন্তা বাজার এলাকায় অবস্থানকালে খবর পায়, রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের মো. কাদের মোল্লার বাড়ির পূর্ব পাশে পংতিরছা গ্রামমুখী কাঁচা সড়কে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাকিল হোসেনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে শাকিলের লুঙ্গির সামনের ডান পাশ থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে বিশেষভাবে রাখা ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘এ ঘটনায় এসআই মো. মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। এলাকায় মাদক কারবার নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’


