সাটুরিয়ায় বিএনপির সাবেক নেতা ও ছেলে গ্রেপ্তার

ভুক্তভোগী ফারহানা আক্তার কেয়া গতকাল বাদী হয়ে আব্দুর রব, তার স্ত্রী শেফালি বেগম, ছেলে সাকিব ও শাকিল এবং মেয়ে স্বর্ণা আক্তারসহ পাঁচজনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত করা এবং শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রব (৬৩) ও তার ছেলে সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, দায়ের হওয়া মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে জমির সীমানার ভেতরে গাছ রোপণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় বাদী ফারহানা আক্তার কেয়া ও তার স্বামী নুরুল আমিনকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ২২ মে ভোরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলায় নুরুল আমিন গুরুতর আহত হন এবং তার পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় ফারহানা আক্তার কেয়াকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সরকার দাস বলেন, উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগী ফারহানা আক্তার কেয়া গতকাল বাদী হয়ে আব্দুর রব, তার স্ত্রী শেফালি বেগম, ছেলে সাকিব ও শাকিল এবং মেয়ে স্বর্ণা আক্তারসহ পাঁচজনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!