জামিনে বের হয়ে ফের মাদক কারবার, ডিবির জালে গ্রেপ্তার ৪

সাইফুল ইসলাম টিপুর নামে ১০টি, আব্দুল্লাহ আহমেদ আলীর নামে ১৩টি, আবুল হোসেনের নামে ৮টি এবং ওয়াসিমের নামে ১০টি মাদক মামলা রয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলায় একাধিক মাদক মামলার আসামি চার চিহ্নিত মাদক কারবারিকে আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক দুই অভিযানে তাদের কাছ থেকে মোট ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।

ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জামিনে মুক্ত হয়ে ওই চার ব্যক্তি আবারও এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার পূর্ব দাসড়া এলাকার সাইফুল ইসলাম টিপু (৪৬), দেড়গ্রামের মো. আব্দুল্লাহ আহমেদ আলী (৫৫), বড় সরুন্ডী গ্রামের আবুল হোসেন (৩৬) এবং মত্ত গ্রামের ওয়াসিম (৩৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম অভিযানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে রাত ১০টার দিকে সদর উপজেলার দেড়গ্রামের আরিফ স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় সাইফুল ইসলাম টিপু ও আব্দুল্লাহ আহমেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে ১৬ গ্রাম ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

একই রাতে দ্বিতীয় অভিযানে এসআই নিপ্পন চন্দ্র চন্দের নেতৃত্বে সদর উপজেলার গাবতলী এলাকার লিয়াকতের বাড়ির পেছনে অভিযান পরিচালনা করা হয়। রাত ১১টার দিকে সেখান থেকে আবুল হোসেন ও ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় আবুল হোসেনের কাছ থেকে ৬ গ্রাম এবং ওয়াসিমের কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই নিজ নিজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আগে থেকেই অসংখ্য মাদক মামলা রয়েছে। এর মধ্যে সাইফুল ইসলাম টিপুর নামে ১০টি, আব্দুল্লাহ আহমেদ আলীর নামে ১৩টি, আবুল হোসেনের নামে ৮টি এবং ওয়াসিমের নামে ১০টি মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিল। একাধিক মামলায় জামিনে বের হয়ে তারা আবারও মাদক ব্যবসা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!