হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দ্রুতগতিতে কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা H.E. Mr. UNO Yoshimasa-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সর্ববৃহৎ এই বিমান অবকাঠামো প্রকল্প নির্ধারিত সময়েই উদ্বোধনের জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অবকাঠামো উন্নয়ন, বিমান চলাচল, বিনিয়োগ এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিমানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে, তার অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, কার্গো পরিবহন, আন্তর্জাতিক সংযোগ এবং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। এজন্য সরকার সময়মতো উদ্বোধন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক শুধু উন্নয়ন সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। দেশের বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পের পাশাপাশি তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানের গুরুত্বপূর্ণ অবদান দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল চালুর পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম দ্রুত শুরু করা প্রয়োজন। এ লক্ষ্যে জাপানি অংশীদারদের প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা H.E. Mr. UNO Yoshimasa বাংলাদেশ-জাপান সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ চলমান উন্নয়ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সম্প্রতি পুনরায় চালু হওয়া ঢাকা–নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার হাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের Boeing 787 Dreamliner-এর একটি প্রতিকৃতি (মডেল) তুলে দেন।


